বাঁশ বাগানের মাথার উপর
লাটাই ছেঁড়া ঘুড়ি,
চাঁদের দেশে হাসছে আরো
চরকা কাটা বুড়ি।
শূন্যে ঘুড়ি লেজটা নাড়ে
সাপের মতো করে,
মুগ্ধ হয়ে দেখতে থাকি
হরষে মন ভরে।
চাঁদের আলো ঝলমল করে
স্বপ্ন ঘুড়ির পাশে,
সেই ঘুড়িটি ধরতে সবে
মুচকি মুচকি হাসে।
চাঁদনি পসর আলোর মাঝে
চলে হরেক খেলা,
দেখলে পরে হয় যে মনে
বসছে তারার মেলা।
ঘুম পাড়াতে মায়ে যখন
গল্প শুনায় বসে,
হঠাৎ স্বপ্নে দেখি তখন
পড়ছে ঘুড়ি খসে।
