কইরে, খোকা, কই?
আয়রে খাবি দই,
ডাকছি মা তোরে, নেই যে তুই ঘরে
কালো মেঘে আকাশ গেছে ভরে।
বলেছিলাম কী?
মনে রাখিসনি!
খেলার সময় যাবি না আর দূরে,
দিনে কিংবা সন্ধ্যা নামার পরে।
এই তো আমি, জি
রাগ করেছ কি?
খেলার ছলে মেতে ছিলাম মাগো,
তোমার খোকা আদেশ ভুলে না গো।
কোথায় কালো মেঘ?
সান্ধ্য হাওয়ার বেগ,
সূর্য ঢলে অস্ত গেল সবে!
তোমার ভয় যে কাটবে বলো কবে।
ছোট্ট আমি কি?
কিচ্ছু বুঝিনি,
বলো মাগো তুমি এবার বলো,
এমন করে কেন ডেকে চলো।
বড় হলে কী?
ভাতে ঢেলে ঘি,
এমনি ভাবে খুঁজবে বাড়ি বাড়ি
আমি যখন দেবো বিদেশ পাড়ি।