আম কাঁঠালের দেশে
হুসাইন আলমগীর

ঝাকড়া চুলের দুষ্টু ছেলে, গ্রীষ্ম আসে হেসে
গ্রীষ্ম আসে রুদ্র বেশে আম কাঁঠালের দেশে।
জল থই থই বর্ষা আসে পালের নায়ে চড়ে
গাঁয়ের বধূর উঠোন জুড়ে ঝম-ঝমা-ঝম ঝরে।

পাতা ঝরার শব্দ পায়ে শরৎ আসে ঐ
নতুন ধানের গন্ধে ভাজে নতুন ধানের খই।
ছাতিম ফুলের শাড়ি পরে হেমন্তকাল আসে
হল্লা করে শিউলি ঝরে ভোরের দুব্বা ঘাসে।

পৌষে আসে শীতের বুড়ি নকশিকাঁথা পরে
খেজুর রসের ক্ষীরের ঘ্রাণে ঘর মৌ মৌ করে।
কৃষ্ণচূড়ার টিকলি পরে হলুদ গাঁদার শাড়ি,
ফুলেল সাজে বসন্তকাল আসে আমার বাড়ি।


গাঁও-গেরামে ভোর
মুহাম্মদ রফিক ইসলাম

গাছের মাথায় সূর্য ফুটে
মিষ্টি ভোরের হাসি,
ডালে ডালে কচি পাতা
সবুজ রাশি রাশি।

পাখি ডাকে কিচিরমিচির
ডানা মেলে ওড়ে
দূর আকাশে অবাধ স্বাধীন
মুক্ত মনে ঘোরে।

উঠোন কোণে বাগ ভরেছে
হরেক রকম ফুলে,
মধুর লোভে অলি আসে
পাপড়িতে রয় ঝুলে।

গাঁও-গেরামে এসব দৃশ্য
কার না লাগে ভালো,
চোখ জুড়িয়ে মন ভরিয়ে
ফুটে ভোরের আলো।

 

বরফ গলা বৃষ্টি
শেখ বিপ্লব হোসেন

কাঁপছে শীতে শহর-নগর
কাঁপছে দূরের গাঁও,
বৃদ্ধ, শিশু, পাখপাখালি
কাঁপছে পশুরাও।

পৌষের এই তীব্র শীতে
মন বসে না পাঠে,
কেমন করে কৃষক শ্রমিক
কাজ করে ওই মাঠে?

বরফগলা বৃষ্টি যেন
পড়ছে ফিলিস্তিনে,
মানবেতর জীবন তাদের
কাটছে এমন দিনে।

হে দয়াময়! রহিম তোমার
রহম করো দান,
তোমার দয়ার হাত বাড়িয়ে
বাঁচাও তাদের প্রাণ!

 

শীত সৌন্দর্য
শামসুন্নাহার সুমনা

শীতের দিনে সরষে ক্ষেতে
মৌমাছিদের মেলা,
সূর্যমুখীর ডগায় করে
প্রজাপতি খেলা।

সকাল সাঁঝে দূর্বালতা
শিশিরে স্নান করে,
ক্ষেত পাথরের ফসল দেখে
চাষীর হৃদয় ভরে।

খেজুর গাছে ঝুলে থাকে
শতো মাটির হাঁড়ি,
পিঠা খাওয়ার ধুম লেগে যায়
গাঁয়ের বাড়ি বাড়ি।

 

উড়ছে কোমল কুয়াশা
নূরনবী সোহাগ

চাঁদ উঠেছে ফকফকা
জোনাকপোকার নেই দেখা
হুতোম প্যাঁচার সারা গায়ে
হাস্যকর এক ভূত আঁকা

একটা বাদুড় উল্টো ঝুলে
হাওয়ার সাথে দোলনা দোল
দল হারিয়ে ষণ্ডা শিয়াল
হুক্কাহুয়া অনর্গল

কাঠবিড়ালির নাচন লেগে
ঘ্রাণ ছড়ালো ফুলের গা
শীতের ঠাণ্ডা বাড়ছে যত
উড়ছে কোমল কুয়াশা।

 

শীতের গোসল
নবী হোসেন নবীন

শীতকাল এলেই গোসল নিয়ে
খোকা ধরে বায়না
যতই ডাকুক মা জননী
গোসল করতে যায় না।

এটা দেবো ওটা দেবো
মাতা বলে ডেকে
আগে দিতে হবে বলে
খোকা বসে বেঁকে।

মাতা এসে যখন তারে
টান দিয়ে নেয় হাত
কেঁদে কেঁদে বলে খোকা
আর খাব না ভাত।

গোসল ছাড়া বিড়াল ছানা
ভালো থাকে যবে
আমার কেনো প্রতি দিনই
গোসল করতে হবে?

 

ভাবধরি
মোহাম্মদ মুন্নু

বয়স আমার অনেক বেশি
ভাব ধরি যে তেজি
ইচ্ছে হলে ঘুরিফিরি
কাজে আমি লেজি।

ভাবধরেও যাকে তাকে
মনের মতন নাচাই
সত্য টাকে মিথ্যা বলে
মিথ্যাটাকে বাচাই।

সবাই বলে ভালোবাসি
কেউ করে না আদর।
ছোট ছোট ভুল করেও
আজকে আমি বাদর।