যদি দিনগুলো পাখি হতো
তাহলে সেই রৌদ্রপাখায় আমি
গেঁথে দিতাম রাত্রির বিষণœতা
আর যদি রাতগুলো নদী হতো
তবে আমি শুশুক হয়ে তার জলে
উড়িয়ে দিতাম মাতাল দীর্ঘশ্বাস
এবং তুমি যদি একান্তই আমার হতে
তবে ডুবোহাঁস আমি জলের প্রতিবিম্বে
নিরন্তর ঊর্মি হয়ে গুনে যেতাম রঙধনু ঢেউ
আর প্রাপ্তির অফুরন্ত উচ্ছ্বাস আমাকে
পৌঁছে দিত মথুরার কাছাকাছি
অমলধবল সেই চন্দনবনে।
