ঘুরছি ফিরছি সবই করছি
ভলোবাসছি
ঘৃণা ও অবজ্ঞা থেকে তুলে নিচ্ছি আলো;
কালোর অন্তরে জ্বেলে দিচ্ছি গনগনে লাল।
কাল যাহা বলতে পারনি
সেই কথা আমরা বলেছি
আজ তোমাদের মুখেও খই ফুটছে।

কারো এটা চাই কারো ওটা
তীর রেখে লুণ্ঠনে নেমেছিল যারা
সেইসব তীরন্দাজও ফিরে যাচ্ছিল
রণ দামামার শব্দে ফের ঘুরে দাঁড়িয়েছে ওরা।

চারপাশে হুলুস্থুল হুল্লোড় তুলে
নারদও দরবারে ঢুকেছে কৌশলে
অগ্নি পৃত্থি রাফায়েল কত-কী যে বলে!

আবরাহার হস্তী বাহিনীকে যারা ভয় পেয়েছিল
তারাও দেখেছে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি।

এইতো সেদিন চব্বিশের জুলাই বিপ্লবে
শিশুদের কঙ্কর নিক্ষেপে হস্তী বাহিনী পালালে
অন্তর দিয়ে প্রভু তোমাকে দেখেছি
তুমি অসম্ভব কর্মটি কীভাবে যে শিশু নারী
বালকবালিকা দিয়ে সফল করলে!
দেখে সেজদায় লুটিয়ে পড়েছি রব
জাগতিক আমার কিছুই আর চাইবার নেই
আমার দেশকে তুমি পরাধীন কখনো করো না।