বর্ষার দিন শেষে এলো ঋতু শরৎ
আকাশের মুখ ঢাকা মেঘের পরত।
সাদা সাদা কাশফুল ফোটে নদীতীরে
ঝিরঝির বাতাসে নাচে ধীরে ধীরে।
চুপিচুপি পা ফেলে ডাহুকের দল
কাশবনে বাসাখানি করছে বদল।
কানিবগি এক পায়ে দাঁড়িয়ে থেকে
ঠোঁটে ধরে পুঁটিমাছ নেড়েচেড়ে দেখে।
ক্যাঁ-ক্যাঁ রব করে উড়ে গাঙচিলে
শাপলা পদ্ম হাসে জলে ভেসে ঝিলে।
খাল পাড়ে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
জলে ছুড়ে পাকা তাল মাছদের তাড়িয়ে।
জেলে ভাই ধরে মাছ নদ-নদীর বাঁকে
ভাটিয়ালি গান গায় জাল ফেলে ফাঁকে।
শ্রাবণের দিন শেষে ঋতুরানী এলো
আকাশের কোল ঘেঁষে মেঘ এলোমেলো।
