শীতের পিঠা
প্রজীৎ ঘোষ
পিঠা যদি মিঠা হয়
খেতে লাগে ভালো;
মিতু কয় এইবার
পাতে সব ঢালো।
ভাপা আর পুলিপিঠা
আহ কি যে মজাদার;
গরমের ধোঁয়া ওঠে
খুঁজে পাই মজা তার।
চিতই পাটিসাপটা
ভালো লাগে খেতে রোজ;
শীতকালে পিঠা খেলে
হয়ে যায় ভূরিভোজ।
খুকির পিছু
হামজালাল উদ্দিন
খুকি হবে নীল পাখি
বসবে সবুজ ঘাসে!
ইচ্ছা হলে উড়বে আবার
প্রজাপতির সাথে।
যখন তখন ইচ্ছা হলে
খাবে কত ফল!
খুকি এবার বাইরে যাবে
ধরছে আরো ছল।
অনেক দূরে যাবে কোথাও
করো কত কিছু!
ইচ্ছা হলে নাচো আবার
থাকো আমার পিছু।
বিজয় মানে
সৈয়দ মাশহুদুল হক
বিজয় মানে লড়াই করে
মুক্ত স্বদেশ লাভ
সুখের মাঝে স্বজন হারার
চাপা কান্না-বিলাপ।
বিজয় মানে অকুতোভয়
বীর-সাহসী জাতি
হানাদার মুক্ত মাতৃভূমি
পরিপূর্ণ আজাদি।
বিজয় মানে মুক্ত বাতাস
নিশ্চিন্তে নিঃশ্বাস
ভয়-ভীতিহীন মুক্ত চলা
দূরীভূত অবিশ্বাস।
বিজয় মানে স্বপ্ন পূরণ
পরান খুলে হাসা
বিজয় মানে স্থায়ী আবাস
নিবিড় ভালোবাসা।
মেলা
হামীম রায়হান
ছোট্ট নদীর ওপারেতে
বসল শীতের মেলা,
ইচ্ছা করে সেথায় যেতে
ভাসিয়ে মেঘের ভেলা।
কত রকম দোকান এলো
খাবার, পুতুল, খেলনা,
ইচ্ছা হলে চড়ব বসে
ঐ যে ঘোরে দোলনা।
মণ্ডামিঠাই, মুড়ি-মুড়কি,
খাবো যত পারি,
সন্ধ্যা হলে চুপিসারে
ফিরব আমি বাড়ি।
শীত এসেছে
পলাশ কুণ্ডু
শীত এসেছে শীত এসেছে
রোদ পেয়েছে ছুটি
কুয়াশার আজ খুশির দিন
গাছের মাথায় ঝুঁটি।
শীত এসেছে শীত এসেছে
খেজুর গাছে হাঁড়ি
রসের পিঠা খেতে আমরা
যাবো মামার বাড়ি।
শীত এসেছে শীত এসেছে
অতিথি পাখির মেলা
নদীর বুকে জমে উঠেছে
পানকৌড়িদের খেলা।
শীত এসেছে শীত এসেছে
শিশির পড়ে ঘাসে
প্রজাপতির ওড়াউড়ি
বাগানের ফুলগুলো সব হাসে।
নতুন বছর
ইমতিয়াজ সুলতান ইমরান
একটি বছর চলে গেলে
নতুন বছর আসে
নতুন বছর এলে সবাই
নতুন আশায় হাসে।
নতুন আশায় হাসে কেন
জানো কি তা কেউ?
গেলো বছর জীবন-নদে
ছিল নানান ঢেউ।
নতুন বছর বিমল হবে
করছি সবাই আশা
এই বছরে পাবো সবাই
সবার ভালোবাসা।
নতুন বছর শুভ হবে
আশায় বাঁধি বুক
নতুন বছর আসুক নিয়ে
সবার ঘরে সুখ।
