তোমাদের অনেকেরই হয়তো জানা নেই, বিশ্বের চারটি সাগরকে ডাকা হয় এগুলোর পানির রঙের কারণে। সাগর চারটি হলোÑ কৃষ্ণ সাগর, লোহিত সাগর, শ্বেত সাগর ও পীত সাগর। যেমন পীত সাগরের পানি হলুদ বর্ণের বলে এই সাগরের নামকরণ করা হয়েছে পীত সাগর বা হলুদ সাগর। এই সাগরের পানির রঙ হলুদ হওয়ার পেছনে কারণ রয়েছে। এর পাশের গোবি মরুভূমির ধূলিঝড় থেকে হলুদ বালু উড়ে আসে সাগরটিতে।
ঘন ঘন ধূলিঝড় হলে মাঝে মধ্যে খুব বেশি পরিমাণে হলুদ বর্ণের বালু আসে বলেই এর পানির রঙ ক্রমে হলুদ হতে থাকে। এই পানিতে দৃষ্টি গেলে মনে হবে তাতে রান্না করার হলুদ বা হলুদ রঙ মেশানো হয়েছে। বিষয়টি কেমন মজার তাই না।
এই সাগর সম্বন্ধে তোমাদের আরো তথ্য জানার আছে। পীত সাগর বলতে বুঝায় পূর্ব চীন সাগরের উত্তর অংশকে, যা প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগরও। এটি অবস্থিত চীনের মূল ভূখণ্ড এবং কোরীয় উপদ্বীপের মাঝখানে। পীত সাগর বা হলুদ সাগরের ভেতরের অংশে একটি উপসাগর রয়েছে, এর নাম বো হাই সাগর। পুরনো নাম পেচিলি বা চিলি উপসাগর। পীত সাগরের উত্তরের অংশটি পরিচিত কোরিয়া উপসাগর নামে। এর আশপাশের বা উৎস নদীগুলোর নাম হচ্ছে পীত নদী (ইয়েলো নদী), হাই নদী ও তাইদোং নদী। আর অববাহিকার দেশগুলো হলো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। পীত সাগরের গড় গভীরতা গড়ে প্রায় ৪৪ মিটার বা ১৪৪ ফুট। আর সর্বোচ্চ গভীরতা প্রায় ১৫২ মিটার বা ৪৯৯ ফুট। পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল প্রায় তিন লাখ ৮০ হাজার কিলোমিটার বা এক লাখ ৫০ হাজার মাইল।