‘ও মন, রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ!’
এক মাস সিয়াম সাধনের পর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ঈদুল ফিতর স্বর্গীয় আনন্দ বয়ে আনে। এ কথা সত্য।
ঈদের দিনটা নিয়ে আমার বুকের কোটরে যত কথা জমা আছে, সব বলতে গেলে বহু বছরের ওপার থেকে অন্যরকমের স্মৃতি ভেসে উঠবে। ভাবতে ভাবতে বেলা যাবে ফুরিয়ে। আমাদের সেই ছোটবেলার গ্রাম, সেখানকার গাছপালা, খালবিল, অবারিত মাঠ, আনন্দ-উৎসব, ফেলে আসা এত-এত বছর, দিন-মাস সমস্ত কিছুর জন্যই এখন মন কেমন করে।
আজ থেকে ৭০ বছর আগে আমার শৈশবকালের ঈদ-উৎসবের স্মৃতি, আজো তেমন ম্লান হয়ে যায়নি। তখনকার দিনে সাধারণত বর্ষাকালেই রমজান মাস আসত। রাতদিন ঝরঝর রিমঝিম বৃষ্টি। আশপাশের খালবিল পানিতে টইটম্বুর।
ঈদের দিন আমরা রঙিন জামাকাপড় পরে মসজিদে হাজির হতাম। মসজিদের বয়োবৃদ্ধ ঈমাম সাহেবের সুললিত কণ্ঠের খুতবা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। মুনাজাত শেষে বয়স্কদের কদমবুচি করতাম এবং সমবয়সীদের সাথে কোলাকুলি। কী যে এক মহা আনন্দে মেতে উঠতাম। সে এক অভূতপূর্ব দৃশ্য!
এরপর দলবেঁধে ছোট ছোট নৌকায় পাড়া-প্রতিবেশীদের বাড়িতে যাওয়া ছিল সনাতন রেওয়াজ। এক-এক বাড়িতে একাধিক পরিবার। প্রত্যেকের ঘরে গিয়ে সম্পর্কে দাদা-দাদী, চাচা-চাচী বা ভাই-ভাবী যাই হোক, সবাইকে কদমবুচি করতাম। তারপর পায়েস-ফিরনি খেয়ে খেযে ক্লান্তশ্রান্ত হয়ে বাড়ি ফিরতাম। প্রাণোচ্ছল সে বয়সে আমাদের আবেগ ও উচ্ছ্বাস ছিল এমনিতর। গ্রামের লোকজন ছিল সহজ-সরল। জীবনযাপন ছিল সাদাসিধে।
প্রসঙ্গত, সেই সময় মুদ্রার মান ছিল পয়সা, আনা, টাকার মানদণ্ডে। এক টাকার মূল্য ছিল অনেক বেশি। মনে পড়ে এক ঈদে আমার জন্য মাত্র পাঁচ আনা দিয়ে কেনা হলো রঙিন জামা ও লুঙ্গি। একবার আমাদের যৌথ কোরবানির গরু কেনা হয়েছিল ২১ টাকায়। তাতেই সবার মাথা গরম! এত দাম! কী আকাল পড়ছে বাবা রে!
সে যাই হোক। কত কী যে একেবারে মুছে নিঃশেষ হয়ে গেছে জীবন থেকে। সেসব সয়ে নিয়ে এখন দিব্যি দিন কাটাচ্ছি। মন কেমন করে। কত কিছুর জন্যই তো এখন মন কেমন করে!
আপাতত ছেলেবেলার স্মৃতি নিয়ে লেখা আমার একটি গানের কথা দিয়ে শেষ করছিÑ
কোথায় গেলো হারিয়ে আমার বাঁশির দেশের মন
আহা আমার বেতস বনের লুকিয়ে থাকা ক্ষণ ॥
সে যে আমার ঝাউয়ের বনে ছায়ায় লেখা গান
সে যে আমার পিউডাকা বাঁধা বুকের তান
পায়ে চলা পথের ধারে কিশোর জীবন...
কোথায় গেলো হারিয়ে আমার বাঁশির দেশের মন ॥
সে যে আমার কাজল দীঘির কেঁপে ওঠা চাঁদ
সে যে আমার অবুঝ মনের পাগল করা সাধ
পদ্ম পাতায় জড়িয়ে থাকা মধুর স্বপন...
কোথায় গেলো হারিয়ে আমার বাঁশির দেশের মন।। হ
