ঈদ মানে
সৈয়দ মাশহুদুল হক

ঈদ মানে হাসিখুশি সীমাহীন আনন্দ
ভুলে যাওয়া ভেদাভেদ রেষারেষি-দ্বন্দ্ব।
ঈদ মানে কোলাকুলি জনে জনে মিলমিশ
পাখিদের কলতান বাতাসের ফিসফিস।

ঈদ মানে ঘরে ঘরে ভালো ভালো রান্না
খেয়েদেয়ে ঘোরাঘুরিÑ ভুলে যাওয়া কান্না।
ঈদ মানে স্রষ্টার রহমতÑ উত্তম নেয়ামত
পাপাচার ও লালসার যবনিকাÑ কেয়ামত।

প্রতি বছর ঘুরে ঘুরে ঈদ আসে দুইখান
হাসিখুশি আনন্দে সকলেই গায় গান।
কোরবানির ঈদ এলে খুশি মনে ধনবান
স্রষ্টার হুকুম মেনে পশু করে কোরবান।

ঈদ মানে ত্যাগ করা যতসব বদ আদত
সারি বেঁধে সালাত আর দিনভর ইবাদত।
ঈদ মানে হাসিখুশি মনে রঙ লালিমা
ধুয়ে-মুছে সাফ করে আত্মার কালিমা।

দুষ্ট মশা দুষ্ট ছেলে
কাজী আবুল কাশেম রতন

একটা মশা উড়ে এসে বলল কানে কানে
হতচ্ছাড়া, দুষ্ট ছেলে বসো তো এখানে।
দুষ্ট ছেলে চুপটি করে বসতে গেল যেই
দুষ্ট মশা, রক্তচোষা কামড় দিলো এই।
দুষ্ট ছেলে : ম্যালেরিয়া, ডেঙ্গু দিবি আমায়?
মশা : দুষ্ট ছেলে পালাবি এবার কোথায়?
মশারি আর কয়েল দিয়ে ঘুমাবো সারা রাত
ভ্যান ভ্যান আর ঘ্যান ঘ্যান করে হয়ে যাবি নিপাত।

ঈদে নতুন জামা
আমিনুল ইসলাম

আব্বু আমায় কিনে দিলেন
ঈদে নতুন জামা
চাচ্চু দিলেন আরেকটি সেট
দিলেন আরো মামা।
আম্মু বলেন, এত পোশাক
দিয়ে হবে কি যে
খুশি মনে দুইটি বিলাও
একটি রাখো নিজে।
ঠিক করেছি ত্যাগের বাণী
ছড়িয়ে দেবো তাই
গরিব-ধনী সব মানুষই
বন্ধু এবং ভাই।