বুকজল ঘেঁষে ডান দিকে যাই
বায়ে তুসোর মোমজাদুঘর
তামাদি রোদের নিচে কান পেতে শুনি
বিনুনীর গান
অর্কেস্ট্রার ঝিঁঝিঁগুলো দুপুরে ঘুমায়
শুধু ইউক্যালিপটাস নড়ে ওঠে
ঝিরিঝিরি পাতকুয়া জলে
আর সেই নীলমাখা মেয়ে
গোপন শয্যা রেখে উড়ে যায়
নদীসঙ্গমে
এইটুকু বুঝেছি কেবল
সাঁতারের প্রশ্ন এলে
হৃদয়ের চেয়ে ঢের বেশি শ্রেয়
কুয়োর প্লাবন।
