একটি ডিম লাইট, রাত হলেই সে টিমটিম করে জ্বলে। ডিম লাইটের খুব মন খারাপ হয়, যখন সে দেখে চারপাশে কত আলো আর তার কত কম আলো। ডিম লাইটের অনেক স্বপ্ন, এলইডি লাইটের মতো একদিন অনেক আলো নিয়ে জ্বলজ্বল করে জ্বলে উঠবে। তার আশা পূরণ হবে কিভাবে? সে তো ছোট একটা ডিম লাইট। একদিন ডিম লাইট ফিউজ হয়ে গেল, মানুষেরা তাকে দেয়াল থেকে খুলে ফেলে দিলো ময়লার ঝুড়িতে। ডিম লাইট মনে মনে ভাবল, হায় আমার কপালে এই দশা ছিল, আমার আশা কি আর কোনোদিন পূরণ হবে না। আমি এখান থেকে বের হবো কী করে? ডিম লাইট উপায় খুঁজতে লাগল। একদিন কেউ তাকে তুলে নিয়ে একটি থলেতে ভরল। সেখানে অনেক কাগজপত্র, হাবিজাবি, ময়লা। তারপর সে থলেটি নিয়ে গেল বাজারে আর বিক্রি করে দিলো। যে লোকটা থলেটি কিনে নিয়েছে, সে ডিম লাইটটি দেখে মহাখুশি। হাতে নিয়ে বলতে লাগল, বাহ! লাইটটা তো দেখতে বেশ চমৎকার। আমি এটাকে মেরামত করব। ডিম লাইট মনে মনে ভাবে, আমি তো ফিউজ হয়ে গেছি, আমাকে আবার কী মেরামত করবে? লোকটা ডিম লাইটকে নিয়ে গেল একটি কারখানায়, ডিম লাইট অবাক হয়ে গেল। এখানে হাজারো রকমের হাজারো লাইট, ছোট লাইট, মিনি লাইট, বড় লাইট, বিশাল লাইট। তার চেয়েও বিশাল লাইট। তার চেয়েও বিশাল লাইট। তবে লাইটগুলো একটাও নতুন নয়, সব পুরনো। তার মতোই ফিউজ। এত এত ফিউজ লাইট দিয়ে এখানে কী করা হয়? ডিম লাইট ভাবতে লাগল আর ভাবতে লাগল। ডিম লাইটকে শোয়ানো হলো একটি টেবিলের উপর, কয়েকজন এসে ডাক্তারের মতো তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর কী সব বলাবলি করতে লাগল। ডিম লাইট ভয় পেতে শুরু করল, বুকটা দুরুদুরু কাঁপছে তার। একজন ডিম লাইটের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল, সে আরামে ঘুমিয়ে পড়ল। ওরা ডিম লাইটের নীল শরীরটাকে ঘষে ঘষে সাদা করে ফেলল, তারপর ভেতর থেকে এটা খুলে নিলো ওটা খুলে নিলো, ডিম লাইট একদম ফাঁকা হয়ে গেল। ওরা সেই ফাঁকা জায়গায় ভরে দিলো ছোট ছোট নানা রকমের উপাদান। বেশ অনেকক্ষণ পর ঘুম ভাঙল ডিম লাইটের। পিটপিট করে এদিক-ওদিক তাকাল। কোথায় আছে বুঝতে একটু সময় লাগল। আর যখনি বুঝতে পারল ভীষণ জোরে একটা চিৎকার দিলো, ওয়াও! আমি তো দেয়ালে ঝুলছি! শুধু তাই নয়, আমি একটা এলইডি লাইট হয়ে গেছি। বাহ! বাহ! ওরা আমাকে এলইডি লাইট বানিয়ে দিয়েছে, আমার কত আলো। ডিম লাইট অনেক খুশি হলো, তার খুশির ঝলকে ঝলমল করে উঠল চারপাশ। আলোকিত হয়ে উঠল সবকিছু। সে দেখতে পেল, ছোট ছোট শিশুরা এ ঘরটিতে খেলা করছে। ডিম লাইট মনে মনে ভাবল, একদিন ওরাও আমার মতো আলোকিত হবে আর মন থেকে কিছু চাইলে তার চাওয়া অবশ্যই পূরণ হয়।