লাল পরী নীল পরী
প্রজীৎ ঘোষ

আমি এক লাল পরী
নীল পরী তুই;
তুই তবে কলাবতী
আর আমি জুঁই।

প্রজাপতি উড়ে এসে
করে যায় গান;
আজ আমাদের মনে
শত কলতান।

চুপ করে থাক মেঘ
আমি কিছু বলি;
রঙধনু হয়ে চল
মেঠো পথে চলি।

আমি খুব সুন্দর
তুইও সুন্দরী;
দুই জনে মিলে মিশে
সোনার দেশ গড়ি।

রোপণ করি তালগাছ
শরীফ সাথী
শহর গাঁয়ে বজ্রপাতের
প্রাকৃতিক এই দুর্যোগ ক্ষণে,
প্রতি বছর কত জনে
যাই ঝরে যাই মনে মনে।
পথের ধারে পুকুর পাড়ে
তালেরই বীজ রোপণ করি,
বজ্রপাতে এমন ক্ষতির
একটু হলেও লাগাম ধরি ;
সবুজ ভূমির শোভা সুখের
সমৃদ্ধ এই বাংলা গড়ি।

আমি যদি শিশু হতাম
ইমতিয়াজ সুলতান ইমরান

একটি শিশু কত আপন
কত মায়ার ধন
সবাই তাকে আদর করে
উজাড় করে মন।

একটি শিশু চাঁদের কণা
দেখতে যেন ফুল
বুঝে না সে বিভেদ বড়াই
একবিন্দু একচুল।

শিশু হাসলে হৃদয় হাসে
মনে জাগে ঢেউ
শিশুর মতো বিমল হাসি
আর হাসে না কেউ।

আমি যদি শিশু হতাম
আগের মতো ফের
সবার কাছে প্রিয় হতাম
আদর পেতাম ঢের।

কল্পলোকের বাঁকে
অপু চৌধুরী

শরৎ এলো রঙ ছড়ালো
বন বনানীর ফলে
কাশবনের ঐ ময়ূর চূড়ায়
নদীর কূলে কূলে।

শিশির ভেজা শান্ত সকাল
পাখির কলতানে
শরৎ এলো চাষির গাঁয়ে
সবুজ আমন ধানে।

শরৎ এলো কমল ফোটা
পদ্ম দীঘির জলে
উঠোন ভরা শিউলি ঝরা
শিউলি গাছের তলে।

শরৎ এলো তপ্ত রোদ আর
হিমেল পরশ নিয়ে
প্রভাত বেলার ঝিকিমিকি
শিশির কণা দিয়ে।

শরৎ এলো নীল আকাশের
মেঘের ফাঁকে ফাঁকে
পটুয়ারাদের গল্প আঁকা
কল্পলোকের বাঁকে।

সবার উপরে দেশ
আরিফ বখতিয়ার

বলল দাদু একটা ছবি আঁকো
সবুজ সবুজ মাঠের ছবি
পাল তোলা নাও ঘাটের ছবি
ছোট্ট নদী, তার উপরে সাঁকো।

শুনে খুকু বলল আমি
অনেক ছবি আঁকি,
কিন্তু বলো কার উপরে
কোন ছবিটা রাখি।

বলেন দাদু বেশ বলেছ বেশ
সবার উপর মায়ের ছবি
সবার উপরে দেশ।