নদীর কূলে ফুলে ফুলে
ভরে গেছে আজ;
কচুরি ফুল কানের দুল
মিষ্টি কারুকাজ।

ওই বুনো হাঁস করে হা-হুতাশ
না পেয়ে শামুকদানা;
মাছরাঙাটার প্রতীক্ষা আর
মানে না কোনো মানা।

পানকৌড়ি খুব জলে দিলো ডুব
উঠল না আর ভেসে;
সূর্যটা আর করেনিকো ধার
পশ্চিমে তাই মেশে।

গাঁয়ের বধূ মিষ্টি মধু
কলস কাঙ্খে করে;
জল নিয়ে যায় বিকেলবেলায়
মনের মতো ভরে।

নদীর কূলে রাখি তুলে
ছোট্টবেলার স্মৃতি;
বুকের মাঝে সকাল সাঁঝে
জাগায় প্রেম আর প্রীতি।