যুদ্ধ জয়ের দীপ্ত শপথ
ছোট্ট খোকার মনে
তাই তো সে ঘর ছাড়ে
অতি সঙ্গোপনে।

খোকা ছাড়া ত্রিভুবনে
নেই তো আপনজন
জনে জনে খোঁজে মা’য়ে
কোথায় বুকের ধন?

দেশমাতৃকার দুর্দিনে
ঘরে থাকা যায়?
পাক হানাদার মুক্ত করে
ফিরবে খোকা গাঁয়।

দিনে দিনে দীর্ঘ ন’মাস
যুদ্ধে হলো গত
বিজয় আনতে গিয়ে ঝরে
লক্ষ প্রাণের রক্ত।

যুদ্ধ শেষে ফিরল মানুষ
বিজয়ের গান গেয়ে
তাদের মাঝে নেই যে খোকা
মা আজো পথ চেয়ে!