কালের চাকা ঘুরতো যদি উল্টা
আবার ফিরে যেতাম বাটবিলে
শুধরে নিতাম পুরনো সেই ভুলটা
হতাম না আর আমড়া কাঠের ঢেঁকি

এবার তুমি দেখতে আজব দৃশ্য
বাঘের পিঠে চড়ে তোমার গাজী
অসি নাচায়, কাঁপে তাবৎ বিশ্ব
দেখে তোমার দুচোখ ছানাবড়া

কার কলিজা এত সাহস ধরে
তোমার দিকে হানে কৃপাদৃষ্টি
যমেরাও আজ ভয়ে-ত্রাসে মরে
তোমার গাজী ক্ষেপেছে কী ক্ষেপা!

বাটবিলে আজ যেন কুরুক্ষেত্র
ট্রয় নগরী আজ যেন বাটবিলে
জ্যোৎ¯œা রানী, মেলো তোমার নেত্র
দ্যাখো প্রেমের শত্রুরা সব খতম

যখন গাজীর বাঘ হয়েছে অশ্ব
যখন গাজী ক্ষিপ্ত ওডিসিউস
তখন তুমি শ্মশানঘাটের ভস্ম
হারিয়ে যাওয়া সোনার ইউরিডিসি

অশ্রু ঝরায় এখন আমার মসিÑ
ভীরুর জন্য নয় তো প্রেমের খেলা
প্রেম শুধু চায় রক্তঝরা অসি;
কালের চাকা ঘুরতো যদি উল্টা!