এই রাত্রিতে কে যেন বাজাচ্ছে
পিয়ানোর সুর
মেঘ-ভাঙা আকাশ
অচেনা ফুলের গন্ধ
ঢেউয়ের মতো ভেসে যাচ্ছে স্মৃতি ও সংলাপ।

হুড়মুড় করে বুকের কাছে এগিয়ে আসে এক নদী
রাতচরা পাখির মতো কোনো পাখি, চৈত্রের বাতাস
নাকি এপ্রিলের?
সুরমার মতো নদী, নাকি ইস্ট রিভার?
সমস্ত ছাপিয়ে শুধু জলের কহ্লার!

খুব চেনা চাঁদ এখানেও
নিঃসঙ্গ নারীর মতো স্থির হয়ে আছে
ভেসে যাচ্ছে পিয়ানোর সুর
রাত্রি ছুঁয়ে ছুঁয়ে।