কে কার কারায় করে বাস ইঙ্গিতে ইশারায় কীসের আভাস নিজের অজান্তে খুলেছো বন্দীনিবাস। হয়তো নতুন গুলাগ, গুয়ান্তানামো নয় দূরপ্রাচ্যে প্রাণঘাতী শাখালিনও না কিন্তু মনোজগতে দুর্ভেদ্য কারাগৃহ নিশ্চয়।
আন্তন চেখবের ৬ নং ওয়ার্ডের গল্পের মতো বলপ্রয়োগে উন্মাদাগারে ঢোকাবার ধাঁচে নয় মার্ক টোয়েনের সেরা গল্পের পাত্র যখন টলটলে স্বচ্ছ জীবন ফিরে পেতে চায় ঠিক তখনি ওরা তাকে জেলে ভরে দেয়, তেমনটিও নয়।
এ তো স্বেচ্ছায় অন্তরীণ, কারো মানসে একান্ত অধিষ্ঠান ভুলেও করি না মুক্তির অন্বেষণ, চাই না পরিত্রাণ এই কারাবাসই উত্তম উদ্দেশ, পরম নির্বাণ।