...কী করছিস বুকুন
ওসব রঙ পেন্সিল দিয়ে
...আঁকছি একটা প্রজাপতি
রঙিন ডানা নিয়ে।
...হচ্ছে না তো, হচ্ছে না তো
যাচ্ছে বেঁকে সব
একটুকু তোর জ্ঞান হলো না
আচ্ছা জরদগব।
...উফ বকো না একটু থামো
এই তো হ’লো বলে
ওর মতো ও আঁকতে থাকুক
দেখবে তা শেষ হলে।
বুড়ো বয়েস, ভাবনাতে জং
তোমার আমার মানায়
বসাক না শুঁড় আলতো করে
প্রজাপতির ডানায়।
তোমার আমার প্রজাপতি
প্রজাপতির মতো
নতুন কি আর আছে আঁকায়
পুরোনো সুর যত।
বড়োর কাছে শিখতে গিয়ে
কল্পনারই ক্ষতি
যাদের বুকে স্পষ্ট আঁকা
রঙিন প্রজাপতি।
