সূর্য খিলখিল করে হেসে উঠল, আজ সে বহুদিন পর মুক্তি পেয়েছে। তার হাসি দেখে ছুটে এলো আকাশ। বলল, স্বাগতম সুস্বাগতম। বহুদিন পর তোমাকে দেখলাম। কোথায় ছিলে এত দিন? সূর্য কিছু না বলে শুধু হাসতে লাগল আর হাসতে লাগল। কালো কালো মেঘেরাও তার হাসি দেখে উজ্জ্বল হয়ে উঠল। সাদা সাদা মেঘগুলো মিষ্টি হেসে বলল, স্বাগতম সুস্বাগতম। কত দিন পর তোমাকে দেখলাম। আমাদের অন্ধকারে রেখে তুমি কোথায় ছিলে এত দিন? সূর্য এবারো কিছু বলল না বরং আরো জোরে হেসে উঠল।
সূর্যের হাসি দেখে ঝলমল করে উঠল বাংলাদেশ। খোকা-খুকুরা তাধিন তাধিন নাচতে শুরু করল। মাঝবয়সী মানুষেরা একতারা, দোতারা বাজিয়ে গান ধরল। বুড়ো-বুড়িরা কী করবে না করবে ভেবে পেল না। সবাই খুশিতে আত্মহারা। সারা দেশ আনন্দে ঝকমক করছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে কত শত গানের সুর
সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার দেশ বাংলাদেশ
প্রিয় জন্মভূমি।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্তলাল রক্তলাল রক্তলাল।
জোয়ার এসেছে জনসমুদ্রে
রক্তলাল রক্তলাল রক্তলাল।
সূর্য বলল, শুনেছ ওদের গান? দেখেছ ওরা কত খুশি? সাদা মেঘ, কালো মেঘ, আকাশ নাচতে নাচতে বলল, হ্যাঁ দেখেছি। কিন্তু কেন? সূর্য কোনো উত্তর দিলো না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তারা ছুটে এলো। চাঁদ ছুটে এলো অথচ ওদের রাতে আসার কথা ছিল। সবাই সূর্যকে ঘিরে ধরল। ওদের একটাই প্রশ্ন, কোথায় ছিলে এত দিন? আমরা তোমাকে খুব মিস করেছি। ওদের অস্থিরতা দেখে সূর্য প্রাণ খুলে হাসল। হাসতে হাসতে গম্ভীর হয়ে বলল, তখন ১৯৭১ সাল। আমি বন্দী ছিলাম পশ্চিম পাকিস্তানিদের হাতে। ওরা কখনোই চায়নি আমি এ দেশের মানুষকে আলো দেই। ওরা চেয়েছিল এ দেশের মানুষেরা আজীবন অন্ধকারে ডুবে থাকুক। যেন ওরা ইচ্ছামতো শাসন করতে পারে, শোষণ করতে পারে। কিন্তু বছরের পর বছর এমন অত্যাচার সহ্য করেছে এ দেশের মানুষ। শেষে আর না পেরে মানুষগুলো কী করল জানো? সবাই বলে উঠল, কী করল? সূর্য বলল, আমাকে মুক্ত করার জন্য প্রাণপণ যুদ্ধ শুরু করল। সেই যুদ্ধে পাকিস্তানিদের হায়নাদের গুলিতে শহীদ হলেন প্রায় ৩০ লাখ মানুষ। সাদা মেঘ, কালো মেঘ, চাঁদ, তারা, আকাশ সবাই নীরব হয়ে গেল। কেউ কিছু বলতে চাইলেও বলতে পারলো না। সূর্য বলল, আমি সেই রক্তের সমুদ্রে সাঁতার কেটে দীর্ঘ ৯ মাস পর তোমাদের কাছে ফিরে এসেছি। আজ ১৬ ডিসেম্বর। বাংলাদেশ আমার নাম কী রেখেছে জানো? সাদা মেঘ, কালো মেঘ, আকাশ, চাঁদ, তারা একসাথে বলল, কী? সূর্য বলল, বাংলাদেশ আমার নাম রেখেছে বিজয়।
সূর্য খিলখিল করে হেসে উঠল, আজ সে বহুদিন পর মুক্তি পেয়েছে। তার হাসি দেখে ছুটে এলো আকাশ। বলল, স্বাগতম সুস্বাগতম। বহুদিন পর তোমাকে দেখলাম। কোথায়...
