মনে পড়ে তুমুল ঝড়ে দেশটা যখন কাঁপছিল
নদীর জলে জেলের জালে মানুষের লাশ ভাসছিল
ঝড়ের গতি থামিয়ে দিতে যুবক-যুবা আসছিল
কোরাসসুরে কেউবা তখন বেঙ্গ-হাসি হাসছিল।

কেউবা বলে নেংটি ইঁদুর বাঘের গলা চুলকালে
বাঁচবে কি সে সখের বশে আচমকা সব ফসকালে
তবুও যুবক যায় না ফিরে কী হবে কে ধমকালে
বুকের ভেতর রক্ত-পলাশ দাউদাউ আগুন উসকালে।

সেই আগুনে ঝলসিয়ে নেয় পলাশ-মনের দ্বোর
যুবক-যুবার শিমুল হাসি সিংহ মারার জোর
ছুটে চলা তীব্রগতি ভালোবাসা দেশের প্রতি
দেখেনি কেউ আগে শুধু সাহস সূর্যোদয়ের জ্যোতি
সেই সাহসে জ্যোতি-বারুদে শত্রু নিধনে বিভোর
মুক্তিসেনা ছিনিয়ে আনলো গর্ব-বিজয় ভোর।