ভয় নেই বলে তুমি যে ভয়ের কথা বললে
তা আসলে কাগুজে ভয়
এমনকি বৃষ্টির ফোঁটা পড়লেই তা চুপসে যাবে।

শ্বাপদসঙ্কুল পথ পার হবার পর
কিংবা রক্তনদী সাঁতরাবার পর
ভয়ের নদীর আর কী থাকে?
অতিক্রমের সাহস এসে গেলে তা
জল কি আর আগুনইবা কি?

আমাদের লাল রক্তকণিকা আর হিমোগ্লোবিনগুলো
ছড়িয়ে দিচ্ছে সাহসের ওম
ছড়িয়ে দিচ্ছে অতিক্রমের বরাভয়
আলোর প্রতিসরণের নির্বাসিত অন্ধকার।

যদিও গোল ও গাঢ় হয়ে বসে আছে অসুস্থ সময়
তবু আমাদের আছে রক্তনদী পেরোবার অদম্য ইতিহাস।