ভোরে হাসে শিশিরকণা
গাছের পাতার ভাঁজে
ধোঁয়ার মতো কুয়াশা সব
ছেয়ে আছে সাঁঝে।

খেজুর গাছের রসের হাঁড়ি
শীতের ভোরে নামে
মৌমাছি তাই চিঠি লিখে
সর্ষে হলুদ খামে।

ডালিয়া ফুল মেলে ধরে
রূপখানি তার ভোরে
কিচিরমিচি ডাকে পাখি
অজানা এক সুরে।

এ দেশেতে ভোরের বেলা
শীতের যে মৌসুমে
শিশিরকণা চাষির পায়ে
আলতো করে চুমে।