শীত মানে তো হিমেল হাওয়া
শহর ছেড়ে গাঁয়ে যাওয়া
মায়ের হাতে পিঠাপুলি
খেজুর গুড়ে পায়েস খাওয়া।
শীত মানে তো দূর্বাঘাসে
রোদের ছোঁয়ায় শিশির হাসে
ফুলের ঘ্রাণে সর্ষে ক্ষেতে
মৌমাছিরা ছুটে আসে।
শীত মানে তো গরম ভাপা
খড়কুটোতে আগুন তাপা
জোয়ান-বুড়ো ছোট্ট শিশুর
থরথরিয়ে শরীর কাঁপা।
শীত মানে তো জারি সারি
খুশির আমেজ বাড়ি বাড়ি
বিলে-ঝিলে কাদা জলে
পরিযায়ী, বকের সারি।
