আমার গাঁয়ে সকাল বেলা
মেঠো পথের বাঁকে,
হলদে রঙের সূয্যিমামা
খেজুর ডালের ফাঁকেÑ

উঁকি দিয়েই দেখেন তিনি
খেজুর রসের হাঁড়ি,
‘ধূসর চাদর’ শীতের বুড়ি
ঢাকে যখন বাড়ি।

ঘাসের বুকে শিশির কণা
লাউয়ের মাচায় তরে,
সকাল বিকাল কিস্তি করে
প্রতিদিনই পড়ে।

শিশির কণার ঝকঝকানি
ঘাসের বুকে ভাসে,
এই না দেখে মুচকি করে
সূয্যিমামা হাসে।

সূয্যিমামার হাসি দেখেই
শিশির কণায় ভোলে,
মানিক মিয়া খেজুর গাছে
রসের হাঁড়ি খোলে।