জীবনের পথগুলো কী আনন্দের। কী চমৎকার! মায়াবী! সময়কে উদযাপন করার আনন্দ আছে। নতুন বছর নতুন আনন্দের স্বপ্ন আছে। যে দিন চলে যায় সে তো যায়ই। আবার আসে নতুন দিন।
হেমন্ত মুখার্জির গানটি আমার পছন্দ। যখন আমি তরুণ, বেশ ক’টি গান কণ্ঠস্থ, সারাদিন ধরেই গাইতাম। তার একটি : ‘অরূপ তোমার বাণী’। যারা ইতিহাস পাঠের বন্ধু আমার নাম দিলো : ‘অরূপ তোমার বাণী’। এ দিকে বন্ধু-বান্ধবদের সাহিত্য বাসরে গান গাইতে বলতেই ধরতাম : ‘শুধু তোমার বাণী, নয়গো বন্ধু, হে প্রিয়’। সেখানে আমার নাম হলো : ‘শুধু তোমার বাণী’। এখন অখণ্ড অবসর। বই লিখলাম ক’খানি। বিক্রিবাটা ভালো। অনায়াসে একটি ইলিশ মাছ জুটে যায়, তা দিয়ে মধ্যাহ্ন ও রাত্রির ভোজ। জীবন স্বাচ্ছন্দ্য গতিতে এগিয়ে চলেছে নতুন নতুন ভোরের পানে।
কিছু দিন আগে ঘুরে এলাম মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ থেকে। গ্রামবাংলা এখনো এত সুন্দর ও সবুজ যে এর তুলনা পৃথিবীর কোথাও খুঁজে পাইনি। সবচেয়ে সুন্দর দেশ আমাদের এই বাংলাদেশ। শুধু একটু মনটাকে সুন্দর দিকে প্রবাহিত করলেই নতুন মানুষে পরিণত হই। অনেকে ভালোবাসা জানায় এই অধমকে, পিতার কারণে, মাতার কারণে, ভগ্নির কারণে, স্ত্রীর কারণে, ভাইয়ের কারণে, কন্যাদের কারণে। গান শুনতে চায়, কথা বলতে চায়। গত পরশু একজন বয়স্কা মহিলা বললেন যে আপনাকে দেখলে মনে হয় যেন তারুণ্য স্থির হয়ে আছে। নিজের দিকে তাকালাম, তা তো নয়। সময় বয়ে যায়। আমারও যাচ্ছে।
এখন চলে যাওয়ার দলে আমি। সব্যসাচী সৈয়দ শামসুল হক গেলেন, আবৃত্তি কণ্ঠ হাসান ইমাম আশি, ঔপন্যাসিক রাবেয়া মজুমদার আশি, ওরা সবাই ক’দিন আগে আশির দলে যোগদান করেছেন। আমি ‘আসি’ ‘আসি’ করছি। একবার ভাইকে সঙ্গে নিয়ে যাই কবর জিয়ারতে পিতা ও মাতার। পাঁচ দিন পর আমাদের ছেড়ে চলে যান উনি। তিনজনের কবর জিয়ারত করতে চলেছি আজ। জীবনের ভরসা নেই। আমার আহ্বান সবার কাছে : আসুন, সবাই মিলে আজকের দিনটিকে সুন্দর করে তুলি। নিজে সুন্দর না হলে পরিবেশ সুন্দর হবে না, দেশ সুন্দর হবে না। রাজনীতি পথে বসিয়েছে আমাদেরকে। বাংলাদেশ এগিয়ে চলেছে তার নিজ গতিতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।
‘নয়া দিগন্ত’ দেখিয়েছে নতুন দিগন্ত। এ কাগজে নিঃসঙ্কোচে লিখি। বিশ্বাস পরিত্যাগ করব না, মরে গেলেও না। বিশ্বাস নিয়ে বেঁচে থাকব। যারা বিশ্বাস করে না, তারাও বেঁচে থাকে না। ওদের বই পড়ি না, কাগজ ছুঁই না।
দেখা যাক, বুড়িগঙ্গার পানি কত দূর গড়ায়। ইতিহাসের ছাত্র, তাই ইতিহাসের পাঠের শেষে কী হয়, জানা আছে। সুন্দর আমাদের জন্যে প্রতীক্ষিত, কারণ আমরা সুন্দরের প্রতীক্ষায়। শুভ নববর্ষ। হ