চলছে গাড়ি উড়ছে ধোঁয়া
উঠছে বাড়ি আকাশ ছোঁয়া
ইট বালু আর সিমেন্ট খোয়া
নেই সবুজের বৃক্ষ রোয়া
চোখ বুজে তাও থাকা।
নাম হলো তার ঢাকা!
নেই কোনো হায় প্রেম-মমতা
গরিব-ধনী নেই সমতা
খায় যা কুকুর মানুষও তা
কাঁদছে তাই আজ মানবতা
ভালোবাসা ফাঁকা।
নাম হলো তার ঢাকা!
বিলাসিতার ছড়াছড়ি
দামি খাটে গড়াগড়ি
শক্তি নিয়ে কাড়াকাড়ি
সব কিছুতেই বাড়াবাড়ি
সরলটা হয় বাঁকা।
নাম হলো তার ঢাকা!
ছেঁড়া ময়লা কাপড় পরে
ক্ষুধার জ্বালায় কেঁদে মরে
শুয়ে থাকে পথের ধারে
জীবন কাটায় অনাহারে
কী নিদারুণ আঁকা।
নাম হলো তার ঢাকা!
