হাওরের জলে মুখ ধুবে বলে
নেমে আসে নীলাকাশ,
মেঘেদের দলে মিশে কোলাহলে
ওড়ে যেন বালিহাঁস।
ভোরের বাতাসে হিজলের পাশে
রোদ ঝরে ঝুরঝুর,
উদাসী দুপুরে জলের নূপুরে
বাজে রিনিঝিনি সুর।
বিকেলের রোদ বাজায় সরোদ
নিকেলের ছবি এঁকে,
সাঁঝপাখি উড়ে যায় বহুদূরে
জলে তার ছায়া রেখে।
নেমে এলে সাঁঝ নিয়ে কারুকাজ
আবিরের গুঁড়ো ঝরে,
আলোর গোলাপ ডোবে চুপচাপ
হাওরের জলঘরে।
জ্বলে জোনাকিরা ঝিলিমিলি হীরা
হিজল গাছের তলে,
ফোটে তার ছায়া মুঠো মুঠো মায়া
ঢেউ টলমল জলে।
এ-রাতের কাছে যত রূপ আছে
সবটুকু তার পেয়ে,
চাঁদ ও তারার পরে মতিহার
হাসে জোছনার মেয়ে।
আলো ছায়া মেখে হাতে হাত রেখে
নীরব গভীর রাতে,
হাওরের জল নাচে ঝলমল
জোছনা পরির সাথে।
