বরফ শীতল তাই ঘসলেও জ্বলে না আগুন
স্রোতধারা থেমে গেলে মেঘনাও বালিয়াড়ি চর
প্রেমের সিকস্তি ঋণে বাধা পড়ে সুঠাম গতর
মলিন ফুলের তোড়া বাকরুদ্ধ চোখভেজা নুন।
ডাহুকের দুঃখবোধে গান গায় রাতের কানাই
হাওরের জলকন্যা তার চাই রসের নাগর
জোছনা মুহূর্তে নারী জলে ভাসা চাঁদের চাদর
কোথায় মলুয়া সখী এই দেখি এই তুমি নাই!
বয়সের ঘুণপোকা মনে আনে করলার তিতে
কাঙালিনী সুফিয়াও গীতগানে হয়ে যায় বুড়ি
অতৃপ্তির যন্ত্রণায় মর্ত্যে নামে সুতোকাটা ঘুড়ি
সম্ভ্রম হারিয়ে কেউ গলে বাঁধে কামিজের ফিতে।
এখনো পাথর আমি ঠুকে দিলে জ্বলি দুর্নিবার
মানি না অসত্য কিছু মিথ্যে পুড়ে করি ছারখার।
