সাগরের নীলজলের সাথে গাঙচিলের মতো মিতালি গড়েছি আমি
তোমার বিরহে নোনা ঝরনায় স্নাত হয় আমার নিষ্পাপ আবেগী চোখ
ইনানীর কোমল হাওয়া বিষের মতো আঁছড়ে পড়ে হিমছড়ির উদার বুকে

সাহসী ঈগল অভিমানী হচ্ছে আজ
ক্রমশ গুটিয়ে নিচ্ছে স্বপ্নপাখা, হৃদয়চাদর বিছিয়ে যাচ্ছে মাটির গর্তে
আহত স্বপ্নডানা নীরবে ভিজিয়ে দেয় সুদৃশ্য রোমশ বুক

তুমিও নীরব, নীরবতায় মাখছো সুবাস, সুর-ছন্দের আকাশী নীল
সাহসী তারুণ্যে হিমালয় জয়ের অবিরত সংগ্রাম
চোখের মণিতে বসিয়েছ নতুন স্বপ্নের হাট

হৈমন্তী-শীতে কুহেলিকা আসে, আসে অন্ধকারের কৃষ্ণ আলোয়ান
আতিয়া মসজিদের মতো ক্রমশ আলোকিত করে ইতিহাসে কুয়াচ্ছন্ন পাঠ
ওপারেই বসন্ত হাসে, হেসে ওঠে আলোকিত শিশু
চোখে তার নতুন সকাল, হৃদয়ভূমিতে কুসুমিত প্রেম
প্রতীক্ষার পীঠে শেষপ্রচ্ছদ আঁকা।