লাল সবুজের বৃত্তজুড়ে
আমার প্রিয় দেশ,
লতা-পাতা পাহাড় নদী
ঘিরে আছে বেশ।
নদীর জলে হরেক মাছে
মনটা নিলো কাড়ি,
সবুজ শ্যামল মাতৃভূমি
কেমন করে ছাড়ি?
পাখির ডাকে বাংলা মায়ের
আঁখি দুটো মেলে,
আঁকাবাঁকা নদীর বুকে
মৎস্য ধরে জেলে।
চলতি পথে বাংলা বাউল
কণ্ঠে তুলে গান,
ছাউনি ছাড়া ঘরের ভেতর
বধূ ভাঙ্গে ধান।
