ভীষণ খুশি, খোকা যাবে বাবার সাথে মেলাতে,
ইচ্ছে মতো বই কিনে ফের ফিরবে দুপুর বেলাতে।

স্বপ্ন নিয়ে হাসিমুখে যাচ্ছে খোকা ঢাকাতে,
ছুটছে গাড়ি ঝড়ের বেগে ছয়খানা গোল চাকাতে।

মনটা খোকার ঘুরছে শুধু মজার ছড়া-গল্পতে,
দেখবে যা বই কিনবে সবই ভরবে না মন অল্পতে।

গল্প-ছড়ার বই কিনে ঢের চড়ল ফেরার গাড়িতে,
অবশেষে মেলা থেকে ফিরল খোকা বাড়িতে।

রঙবেরঙের ছবি দেখে মিষ্টি মধুর ছড়াতে
মজায় ভরা ছন্দ ছড়া মন বসে না পড়াতে।