এই রোদ এই মেঘ এই জোর বৃষ্টি
আষাঢ়ের এই রূপ কাড়ে মন-দৃষ্টি।
বিজলিরা চমকায় ধমকায় মেঘ কি
ক্ষণে ক্ষণে যায় বেড়ে বাতাসের বেগ কি!
নদীতীরে ফোটে ওই সাদা কাশফুল কি
আকাশের বুকে রোদ আঁকে বুঝি উলকি!
নীড়ে বসে পাখিসব ঝাপটায় পাখনা
কানিবক খুঁজে মাছÑ খাল বিলে যাক না!
ডোবাজলে ডাকে ব্যাঙ বাঁশঝাড়ে ঝিল্লি
চারিদিকে জল দেখে ‘মিউ’ ডাকে বিল্লি।
গোয়ালের গরুগুলো থাকে ভিজে চুপসে
রাখালের কাজ কম, পায় মজা খুব সে।
কাদা মেখে সারা গায়ে খোকা ছোটে খেলতে
খুকি খুব মজা পায় কাদা-রুটি বেলতে।
ভেলা নিয়ে বালকেরা যায় জলে ভাসতে
মার বকা খায় খোকা ঘরে ফিরে আসতে।
বউ-দিদি যায় বসে শীতকাঁথা বুনতে
ছোটরাও হয় জড়ো রূপকথা শুনতে।
হাঁসগুলো হাসিখুশি জড়সড় মুরগি
আমি থাকি মার পাশে খেতে পিঠা-গুড়-ঘি।
