আষাঢ় মাসে বাদল ঝরে
আসলো নদে জোয়ার বান,
ভেসে আসে বৃষ্টি ভেজা
আদি মাটির এঁদো ঘ্রাণ।
আপন নীড়ে বসে পাখি
চেয়ে থাকে গগন পানে,
ভাংগে আকাশ, বরফ গলে
মন হারাবে বর্ষা গানে।
আসল রূপে ফিরবে তরু
আবার নতুন ফুলে ফলে,
আমার হৃদয় উছলে উঠে
আনন্দেরই ঝর্ণা তলে।
ডোবা নালা খালে বিলে
উপচে পড়া নতুন জল,
কান ফাটানো ঘ্যাঙর গানে
উঠলো মেতে ব্যাঙের দল।
টাপুরটুপুর ছন্দ বাজে
বর্ষা মাতাল ধরার বুকে,
কলমি কদম কেয়া দোলে
ফিরে আসা বাদল সুখে।
