গাছ তলে মেলা বসে
খোকা খুকুদের,
কত রাঙা খেলা করে
বুঝা বড় ঢের!

এই তারা ঘর বাঁধে
সেই ভাঙে ঘর,
নয়া এক খেলা নিয়ে
ছোটে কিছু পর।

ফুল আনে পাতা আনে
গাছ থেকে ছিঁড়ে,
খেলাঘর বাঁধে তারা
প্রকৃতিকে ঘিরে।

কেউ সাজে প্রজাপতি
কেউ সাজে অলি,
কেউ হয় গাছলতা
কুসুমের কলি।