মেঘের বিদ্যালয়ে ছুটির ঘণ্টা বাজে
হুড়মুড় করে বেরিয়ে পড়ে বৃষ্টির ছাত্র-ছাত্রী
বৃষ্টির পোনাগুলো কাচারি পেরিয়ে
দোচালা ঘরের পিড়ায় মুরগির মতো এক ঠ্যাঙে দাঁড়ায়
পশ্চিমের বাতাস দরজা খুলে দেয়
বধূর নরম হাতের রঙ করা নকশি পাটির বিছানায়
মিলিয়ে যায় মায়ের বুকের স্নেহের মতো
আমাদের পাশেই পদ্মপুকুরের বেবাক জৌলুশ
কিছু বৃষ্টি নেমে গেল সে জৌলুশের নিতম্ব ছুঁয়ে
জলের বিছানায় বৃষ্টি তখন ঘুমাল
গায়ে টেনে কস্তুরি ফুলের পাতল সুবাস।