যখন বৃহত্তর জনগোষ্ঠীর ভাগ্যের আকাশে
দেখা দেয় মহা দুর্যোগ, চারদিক অন্ধকার
মাথার ওপরে চেপে বসে অনঢ় জগদ্দল পাথর।
তখন সত্যকে সত্য বলা যায় না
কারুকার্যময় মিথ্যার ঝংকারে, ডামাডোলে
মেঘের দেশে সূর্য হারায় অনিঃশেষ
যেদিকেই চোখ যায় দেখি আলেয়ার জৌলুশ।
কারো সাধ্য থাকে না স্বাধীনতার গল্প শোনাতে
শব্দজট তৈরিতে সময় যায় কৃত্রিম কবিদের।
এই সময়ে বনের পাখিরা নিশ্চুপ থাকে
কুসুম বাগান ছেড়ে, স্বপ্ন সাধ আকাক্সক্ষা ভুলে
প্রজাপতি ঘুমায় পাতাঝরা বৃক্ষের শাখায়।
হায় জগদ্দল পাথর! কালের বিষাক্ত কীট,
হুল ফোটাও বাকবন্দী মানুষের স্বপ্নে
পরাধীনতার শিকলে বাঁধো জীবন জিজ্ঞাসা।
হয়তো এমন একদিন আসবে, আসবেই
স্বেচ্ছায় তুমি নির্বাসনে যাবে ভূমধ্যসাগরে
নৌকোর দাঁড় বেয়ে খুঁজে পাবে না বেলাভূমি।
