ঘোরতর অন্ধকারে একাকী
কাঁদো কেন ঝাউগাছ?
জানোই তো রোদনের সাথী হয় না কেউ !

একটি নীল তিমিকে দেখে
তাবৎ সাগর প্রাণী তটস্থ,
যেমন তটস্থ মনপোড়া তামাটে মানুষ!

যাদের হৃদয় নেই,
তারা মহাসিন্ধুকে কিভাবে ধারণ করবে ?

প্রত্যাশার লাগাম টেনে ধরো।
তোমার বেদনা অনুভব করার মতো
কেউ নেই।
এমনকি একটি বিচূর্ণ ঝিনুকও।

সকলের মাঝেও দেখো
আমি কেমন নিঃসঙ্গ, একা!
কোথায় পাবে তুমি স্বজনের দেখা?

ভালোবাসা ভালোবাসা বলে কেঁদো না ঝাউগাছ।
এটাতো কাল- কালান্তরের এক মহা দুর্ভিক্ষ!
নিজের ভেতরেই কেবল
বেঁচে থাকার আস্থা অর্জন করো।

মানুষের নির্মমতা নিয়ে ভেবো না।
বরং পাঠ করো পৃথিবীর আদিমতম
নিষ্ঠুরতার জাবেদা খাতা,
মানুষ মানবতা ভালোবাসা বলে
কেঁদো না ঝাউপাতা
কেঁদো না ঝাউগাছ
কেঁদো না!...