পরিবর্তন ঘটে ধীরে
মনের দেহের আর জগতের
স্বপ্নেরও পরিবর্তন ঘটে
কখনো লক্ষ্যভ্রষ্ট হয়
কখনো মিশে যায় গাছের সাথে
নদী ও পথের সাথে
কখনো পাখি ও পতঙ্গের
একদিন প্রজাপতিও পুড়ে যায়
হরিণের পেছনে ছুটতে ছুটতে
নেতিয়ে পড়ে ডোরাকাটা বাঘ
স্রোত কান্নায় ভেঙে পড়ে তীরে
অহম ছাড়া সৌন্দর্যের অর্থ নেই
পৃথিবীর অন্যান্য বস্তু পুড়ে গেলে
ভস্ম পাওয়া যায়
মানুষের স্বপ্ন পুড়ে গেলে
ছাইও থাকে না
