একটি ছেলের বড্ড সাহস
দেশকে নিয়ে ভাবতো
দেশের ছবি দশের মাঝে
লাল সবুজে আঁকতো।
দেশের কথা দশের কথা
সবার কাছে বলতো
সেই ছেলেটির কথা শুনে
সবার হৃদয় গলতো
দুঃখী মায়ের গল্প কথা
হৃদয় মাঝে রাখতো
বিপদ-আপদ সামনে এলে
সকলকে সে ডাকতো।
সেই ছেলেটির ছবি টা আজ
রঙ তুলিতে আঁকি
মনের মাঝে যতন করে
সেই ছবিটি রাখি।
দুরাচারী কিছু লোকে
দেখলো না তা ভালো চোখে,
গুলি চালায় হিংস্র থাবায় দেশপ্রেমিকের বুকে!
আজও মানুষ অশ্রু ঝরায় সেই খোকাটির দুঃখে।
মরেও বেঁচে আছে খোকা
কেউ পারেনি দিতে ধোঁকা!
সবার হৃদে বসত করে দেশকে ভালোবেসে-
আগস্ট এলে আকাশ-বাতাস অশ্রুতে যায় ভেসে।
