আমার গাঁয়ে সন্ধ্যাবেলা জোনাকপোকা জ্বলে
আলোর প্রদীপ মিটিমিটি শেওড়া গাছের তলে।
নেই কোলাহল সন্ধ্যা পরেই আঁধার দৃষ্টিজুড়ে
ঝিঁঝি পোকার গান শোনা যায় একই সুরে সুরে।

ধানের মাঠে সবুজ শ্যামল কাকতাড়ুয়া নড়ে
জোসনা রাতে ফুলের ঘ্রাণে যায় না থাকা ঘরে।
শেয়াল ডাকে গোরস্তানে হুক্কাহুয়া তালে
সাদা রঙের শাপলা ফোটে পাশের ছোট্ট খালে।

দুবলা ঘাসে ফুল ফোটে রয় লাল গোলাপি নীলে
ঘুড়ির মতো উড়তে থাকে পাখা মেলে চিলে।
মেঠোপথের এপার-ওপার তাল নারিকেল সারি
মিলেমিশে আছে গাঁয়ে হাজারো ঘরবাড়ি।