অনেক ভালো-
কেমন ভালো?
এমন ভালো,
নেই যে ভালোর শেষ;
যাক না ভরে সেই ভালোতে
আমাদের এই দেশ।

অনেক শান্তি-
কেমন শান্তি?
এমন শান্তি,
যে শান্তিতে জুড়ায় দেহ-মন;
থাকে যেন সেই শান্তিতে
দেশের মানুষজন।

প্রাতে যেন সূর্য ওঠে,
রাতে ওঠে চাঁদ;
পেটে যদি অন্ন জোটে,
নেই আর কোনো সাধ।

অনেক আলো-
কেমন আলো?
এমন আলো,
যে আলোতে আঁধার মুছে যায়,
মনের কোণে জমাটবাঁধা
দুঃখ ঘুচে যায়;
সেই আলোতে দাঁড়াক সবাই এসে,
স্বর্গ নেমে আসুক সারা দেশে।