শরৎ শেষে ক্লান্ত কাশের
দোলদুলুনি ক্ষান্ত রয়,
শুভ্র মেঘের ভেলায় চড়ে
শরৎ রানী বিদায় হয়।
ভোরবিহানে ঘাসের ডগায়
শিশিরকণা খই ফোটায়,
ধানের পাতার সবুজ খামে
জলের ছিটা প্রাণ লোটায়।
বক-সারসের যাচ্ছে সুদিন
টেংরা-পুঁটি রোজ ধরে,
ধানশালিক আর দোয়েল-কোয়েল
গান গেয়ে যায় প্রাণ ভরে।
শুভ্র মেঘের টুকরো দানা
ঐ সুনীলে ঘুরছে রোজ,
চাঁদ-তারারা দ্বীপ জ্বালিয়ে
শিউলি ফুলের করছে খোঁজ।
