ঋতুর রানি শরৎ শেষে
হেমন্তকাল আসলো,
সোনার দেশে সোনার ফসল
পাকা আমন হাসলো ।

গানে গানে চাষিরা সব
সোনালি ধান কাটলো,
ধানকে নিয়ে মনের মাঝে
স্বপ্ন হাজার আঁটলো ।

গাছে গাছে শিউলি বকুল
মনের সুখে ফুটলো,
হিমেল হাওয়ায় শহর-গাঁয়ে
শীতটা কিছু জুটলো।

রাতের বেলা জোনাকিরা
বাঁশবাগানে ছুটলো,
ঝিঁঝিপোকার ঝিঁঝি সুরে
ছন্দ নতুন উঠলো।

পিঠাপুলির মজার স্বাদে
ছেলে-বুড়ো হাসলো,
নবান্ন উৎসবে আমার
সোনার স্বদেশ ভাসলো।