পদ্মবিলের জল শুকিয়ে পদ্ম গেছে মরে
কাশের বনও ঘুমিয়ে গেছে ধূসর বস্ত্র পরে
সবুজ পাতা হলুদ হয়ে পড়ছে ঝরে-ঝরে।
ছাতিম ফুলের গন্ধে হলো নিশি মাতোয়ারা
শিউলি তলায় পুষ্প ঝরে ভোরও আত্মহারা,
রোপা আমন, বোনা আমন পেকে হলো সারা।
সোনা রঙের সোনা ধানে জমি গেছে ভরে
কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে লাঠি হাতে ধরে,
শিশির ভেজা নয়ন মেলে সবুজ ঘাসের ভোরে।
রবির কিরণ লেগে তাতে শত মুক্তো জ্বলে,
কুলো ভরা ধানে চাষির স্বপ্ন পড়ে গলে
ক্লান্ত কায়ে শ্রান্ত মনে নাকে নোলক দোলে।
বিকেল বেলা নরম আলো-পাখি ঘুরে ফিরে
ঠাণ্ডা-শীতল হিমেল হাওয়া বহে ছিঁড়ে-ছিঁড়ে
কুয়াশারা আবছা চাদর গায়ে পরে ধীরে।
নববধূ নাইয়র এসে খুশিতে হয় অম্লান
ঘরে-ঘরে ফিরনি-পায়েস, পিঠা-পুলির ঘ্রাণ
নতুন ধানে চলছে যে বেশ নবান্ন-অঘ্রাণ।
