হাসে রোদ ফিকফিক সবুজ পাতায়
ডালে ডালে নেচে নেচে হৃদয় মাতায়।

ঘাসফুলে চিকচিক শিশিরের দল
মাঠ জুড়ে মেলে রাখা মায়ের আঁচল।

আঁচলের রঙ খানি সবুজ সবুজ,
ছুটে দূরে মন পাখি অবুঝ অবুঝ।

পাখিদের গানে ভরা সুরের আকাশ
কী মায়ায় নেমে আসে দূরের আকাশ।

ধান দেখে গান গায় প্রাণ খুলে কেউ,
চাষিদের বুকে দোলে আনন্দ ঢেউ।

ঝিকমিক ঝিকমিক তারা ভরা রাত,
ধীরে ধীরে চাঁদ দূরে হয়ে যায় কাত;

মার বলা রূপকথা রুমঝুম ঝুম,
শুনে শুনে দু’টি চোখে নেমে আসে ঘুম।