তোমাদের বাড়ি যদি নাই থাকে ফুল
আমাদের থেকে নিও অল্প
এসো, এসো, চলে এসো আমাদের বাড়ি
দুইজনে হবে খুব গল্প।
তোমাদের ঘরে যদি নাই থাকে খাদ্য
চলে এসো দিনে কিবা রাতে
আমাদের মাঝে নেই কোনো ভেদাভেদ
দুইজনে খাবো এক পাতে।
খেলনাও নেই বুঝি! নেই হাতি-ঘোড়া
তাই বুঝি ভালো নেই মন
আমার খেলনাগুলো তুমি আমি মিলে
ভাগাভাগি করবো দু’জন।
বলো বলো কী যে হলো! একটুতো হাসো
দেখি ওই হাসিভরা মুখ
তোমাদের কচি মুখে মধু হাসিতেই
আমার যে সবটুকু সুখ।
