শিশুমনের স্বপ্ন-কল্পনার রূপকার ছড়াকার-কবি গিয়াস উদ্দিন রূপম। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে লিখে চলেছেন নিরলস। বাংলাদেশ ও পশ্চিম বাংলার পত্রপত্রিকায়, সঙ্কলনে, লিটলম্যাগে প্রকাশিত হচ্ছে তার লেখা। ছোটদের জন্য লিখে চলেছেন দুই হাতে। পাশাপাশি সমকালীন বিষয়ে লিখছেন রঙ্গ-ব্যঙ্গাত্মক ছড়া। ‘ঘর ছেড়ে আজ ভরদুপুরে’ গিয়াস উদ্দিন রূপম-এর একটি চমৎকার ছড়াগ্রন্থ। শিশু-কিশোর উপযোগী বিশটি ছড়ায়Ñ মিষ্টি শব্দ বৃষ্টি ঝরায়।
অন্ত্যমিলের নূপুর পরা একটি ছড়া ‘বৈশাখ’। বৈশাখের চঞ্চল হাওয়া, ফুলবাগান, মৌমাছি, পাকা আম, কুহুপাখি তার ছড়ায় ছড়িয়ে আছেÑ
গায় গান কুহুতান/কুহুপাখি বঙ্গে/দুল দুল ফোটে ফুল/নানা রূপ রঙ্গে।
মনে সুখ হাসি মুখ/আমপাকা গন্ধে/বুকে বুক ফেলে দুখ/যাই মহানন্দে।
রূপমের ছড়ায় আছে হাস্যরস, আছে বাৎসল্য রস। দাদা-নাতির মিষ্টি বন্ধুত্ব, দাদুর কাঁধে চড়া আর মজার মজার দুষ্টুমি প্রকাশ পেয়েছে ‘দাদু-নাতি’ ছড়ায়Ñ
দাদুর কাঁধে বসে নাতি/ খিলখিলিয়ে হাসে/ দাদু ভাবে, বাঁদর কেন/আমার আশপাশে!
দাদু তুমি ছোট্ট বাবু/নেই মোটে দাঁত মুখে/খাওনা বুঝি আখ পেয়ারা/দাঁত হারানোর দুখে!
শিশুমনের আরেকটি অনুষঙ্গ হচ্ছে ভয়। নানা রকম ভয়ের মধ্যে ভূতের ভয় তাদের খুব প্রিয়। প্রিয় বলছি এ কারণেÑ তারা ভূতের ভয় পেতে চায়। বাস্তবে নয়; ছড়া, কবিতা, গল্প পড়ে। ‘ভূত’ নিয়ে রূপমের একটি ছড়াÑ
সব শুনে তাহাদের/গায়ে কাঁটা ফাহাদের/এতো ভয় কাহাদের?/‘ভূত’ বলি যাহাদের।
মিষ্টি মিষ্টি ছড়া সহজেই লিখতে পারেন গিয়াস উদ্দিন রূপম। প্রসঙ্গটি যদি হয় বৃষ্টি, তাহলে তো কথাই নেইÑ
সকাল দুপুর/টাপুর টুপুর/রিম ঝিমাঝিম বৃষ্টি।
আকাশ উপুড়/ঝাপুর ঝুপুর/বন্ধ চোখের দৃষ্টি।
ঘরের কোণে/সঙ্গোপনে/গান-কবিতা সৃষ্টি।
মেধাবীও তারুণ্যদীপ্ত ছড়াকার গিয়াস উদ্দিন রূপম শিশু-কিশোর মনের ভাবনাগুলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় অতি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। শব্দচয়নে তিনি আন্তরিক, বাক্য গঠনে কুশলী, উপমা, উৎপ্রেক্ষা ও চিত্রকল্প বয়নে সাবলীল। ছড়া ও কিশোর কবিতার ভুবনে রূপম আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।
‘ঘর ছেড়ে আজ ভরদুপুরে’ ছড়া গ্রন্থটির প্রকাশক জিনিয়াস পাবলিকেশন্স। প্রকাশকাল একুশে গ্রন্থমেলা ২০১৮, প্রচ্ছদ এঁকেছেন সুদর্শন বাছার, অলঙ্করণ করেছেন মাহমুদুল হাসান মামুন। বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। চমৎকার এই ছড়া গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।