একটি সহজ প্রশ্ন করছি, এই যে আপনাকে,
বলুন তো মহাশয়, কী এমন জিনিস আছে
যা নেয়া যায়, কিন্তু দেয়া যায় না?
এটা কি কোনো প্রশ্ন হলো?
ঝট্ করে বললাম, কেন, টাকা!
আপনি ক্রূর হাসি হেসে বললেন, হলো না,
টাকা থাকলে দেয়া যায়, না থাকলে নেয়াও যায়।
মাথার ভেতরে পুরো পৃথিবী নেমে এসে
চলতে শুরু করলো
শারীরিক, মানসিক, পার্থিব কোনো জটিলতা ?
ভালোবাসা, প্রেম, জিহ্বার স্বাদ,
না কি জামাকাপড়, জুতা-স্যান্ডেল,
প্যান্ট-ট্রাউজার, অথবা গোপন অন্তর্বাস ?
বললাম, কোনো ইংগিত দেয়া যাবে ?
আপনি বললেন, না, সুযোগ নেই,
সহজ প্রশ্নের ক্লু দেয়া যায় না।
আপনি আমাকে তিন ঘণ্টা সময় দিয়ে চলে গেলেন।
আর আমি আস্ত বোকার মতো গুগলে সার্চ দিয়ে
পার করে দিলাম পুরোটা সময়,
উত্তর পেলাম না।
আপনি ফিরে এসে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন,
পারলেন না ?
মহাশয়, সহজ উত্তরটা হলো- স্বাধীনতা।
আমার সহজ প্রশ্নের সঙ্গে এবার ওটা মিলিয়ে নিন।
আমাকে তিনি ধাক্কা দিয়ে ঠেলে দিলেন ১৯৭১-এ।
একটি সহজ প্রশ্ন করছি, এই যে আপনাকে,বলুন তো মহাশয়, কী এমন জিনিস আছেযা নেয়া যায়, কিন্তু দেয়া যায় না?এটা কি কোনো প্রশ্ন হলো?ঝট্ করে বললাম,...
