হেমন্তকাল বিদায় নিয়ে
পালিয়ে গেলো দূরে
শীতের বুড়ি নেমে এলো
একটি বছর ঘুরে।
সাতসকালে হিম কুয়াশা
ঘিরে রাখে সবই
মাঝে মাঝে পুব আকাশে
যায় না দেখা রবি।
সবুজ ঘাসের চিকন ডগায়
শিশিরকণা থাকে
হাঁটাচলার পথগুলাকে
বন্ধ করে রাখে।
বরফগলা ঠাণ্ডা পানি
যায় না নামা তাতে
প্রাণটা যেনো যায় বেরিয়ে
ছোঁয়ার সাথে সাথে।
শীতের বুড়ি করতে পারে
অসুখ বিসুখ-ক্ষতি
মোটা-গরম কাপড় ছাড়া
নাই যে কোনো গতি।